প্রকাশকালঃ ২৩ মে ২০২৬, দুপুর ৩:২৬ সময়

চট্টগ্রামের পটিয়া উপজেলায় হানিফ পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আনসার ব্যাটালিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ব-১১০৩৮২) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্টমেট্রো-ল-১৩০৮৭৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় আরও দুই আরোহীকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন একই এলাকার মোহাম্মদ আকতারের ছেলে মোহাম্মদ সামি (১৬) এবং জায়দুল হকের ছেলে ওয়ালিদ আল তাসনিম (১৭)। আহত তানভীরুল ইসলাম জয় (১৯) কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
