প্রকাশকালঃ ২৩ মে ২০২৬, দুপুর ১২:০০ সময়

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য ড্রোন হামলা থেকে গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা রক্ষায় নতুন নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বিভিন্ন তেল ডিপো ও স্থাপনার ওপর লোহার তৈরি বিশেষ কাঠামো বসানোর কাজ শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, তেল ডিপোগুলোর চারপাশ ও ওপরে জালের মতো লোহার কাঠামো তৈরি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ড্রোনের সরাসরি আঘাত ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রভাব ইতোমধ্যে গোটা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি স্থাপনাগুলোকে সম্ভাব্য হামলার ঝুঁকিতে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, আমিরাতে ইসরায়েলি সামরিক উপস্থিতি এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ার পর থেকেই তেহরানের সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে।
সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন আমিরাত সফরের খবর প্রকাশ হওয়ার পর ইরানের পক্ষ থেকে নতুন করে হুঁশিয়ারি দেওয়া হয়। তেহরান জানিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে আমিরাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে।
তেল ও গ্যাসনির্ভর অর্থনীতির কারণে জ্বালানি অবকাঠামোর নিরাপত্তাকে এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আমিরাত। দেশটির বড় অংশের আয় আসে জ্বালানি খাত থেকে। তাই সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক প্রতিরক্ষার পাশাপাশি স্থাপনাগুলোর সরাসরি নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
